ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি থেকে নির্বাচিত চারজন শপথ গ্রহণ করেছেন আজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপি থেকে নির্বাচিত এমপিদের আর কারও শপথ নেওয়া বাকি রইল না। আজ শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তারা শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়ান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি থেকে জিতেছেন ছয়জন। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি পাঁচজনই সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণের সময়সীমার শেষ দিনে এসে শপথ নিলেন তাঁরা।
গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচন করে বিএনপি। এ জোট থেকে মোট আটজন নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের দুজন আগেই শপথ নিয়েছেন।
















