ইসলাম টাইমস ডেস্ক: কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুকে নির্যাতনের ঘটনায় জামালপুরে দলের এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের খবর জানিয়েছে জেলা ছাত্রলীগ।
বহিষ্কৃত নেতার নাম মো. রাকিব হাসান। তিনি জামালপুর জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক। রাকিব সাংবাদিক মোস্তফা মনজুকে নির্যাতন মামলার অন্যতম আসামি।
জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবার এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী রাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
















