ইসলাম টাইমস ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে ছিটকে পড়ে যাওয়ায় প্রাথমিকভাবে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ । আহত হয়েছেন ৩৫ জন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২০ জুন) স্থানীয় সময় বিকাল ৪ টার দিকে কলু জেলার বানজার অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি হিমাচল প্রদেশের বানজার থেকে গাড়াগুসানি যাচ্ছিল। বানজার থেকে ছেড়ে যাওয়ার মাত্র ২ কিলোমিটারের মধ্যে বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটি যাত্রীবোঝাই হওয়ার পাশাপাশি বাসের ছাদেও বেশ কিছু মানুষজন বসেছিলেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাসের নিবন্ধন নম্বর এইচপি৬৬-৭০৬৫।
সুত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া ,নিউজ এইটিন
















