ইসলাম টাইমস ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকার কাছাকাছি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এই জলীয় বাষ্প দীর্ঘসময় তাপ ধরে রাখছে। এ কারণে রাতের বেলাও গরম বেশি অনুভূত হচ্ছে এবং মানুষের শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে, কিন্তু অনুভব হচ্ছে আরও বেশি। এই অবস্থা আজ ও আগামীকাল থাকতে পারে। এরপর বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়াবিদ আবদুল মান্নান আজ এসব কথা বলেন।
লঘুচাপের অবস্থা সম্পর্কে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, উত্তর বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকার কাছাকাছি লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিলেও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুব কম। তবে লঘুচাপের কারণে প্রচুর মেঘমালার সৃষ্টি হচ্ছে। নিম্নচাপে রূপ নেওয়ার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এর প্রভাবে তখন বৃষ্টির পরিমাণ বাড়বে। মৌসুমি বায়ু সারা দেশে সক্রিয় থাকলেও লঘুচাপের প্রভাবে বৃষ্টি কম হচ্ছে বলে জানান তিনি।
লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় প্রচুর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে জন্য নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
















