ইসলাম টাইমস ডেস্ক: দেশের রেল নেটওয়ার্কে আরও ১৫ জেলাকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
আজ শুক্রবার ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের (বাংলাদেশ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৪ জেলায় রেল যোগাযোগ রয়েছে। রেলসেবার মান উন্নয়নে বর্তমানে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। নতুন করে আরও কিছু প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, নতুন মেগা প্রকল্পের অধীনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ হবে। সেই সঙ্গে চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগের চিন্তা রয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর এখন এক লাইনে রেল চলাচল করছে। আমরা সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেলসেতু বানাতে চাই। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম ৩০০ কিলোমিটার হাইস্পিড ট্রেন চালুর সমীক্ষা চলছে।
















