ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘ভুয়া প্রশ্নপত্র’ বিক্রির চেষ্টাকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করেছে ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আরাপপুর নিউ একাডেমি স্কুল এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু ‘ভুয়া প্রশ্ন’ ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। তবে পরীক্ষা শেষে পুলিশ মিলিয়ে দেখেছে জব্দ হওয়া প্রশ্নগুলো ভুয়া।
জাহাঙ্গীর আলম আরও বলেন, ১৯৮০ সালের প্রশ্নপত্র ফাঁস আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিবি মামলা করেছে। প্রশ্ন বিক্রির উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান নিয়েছিল। সন্ধ্যায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়ির মালিকও ঘটনার সঙ্গে জড়িত। তিনি সহযোগিতা না করলে বাকিরা সে বাড়িতে অবস্থান করার কথা নয়।
















