ইরানকে যুক্তরাষ্ট্রের ক্রমাগত উসকানি দেওয়া মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ডেকে আনতে পারে: মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক: ইরানের বিরুদ্ধে আমেরিকার ক্রমাগত উসকানি দিয়ে যাওয়া মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

আজ শনিবার মার্কিন টিভি চ্যানেল সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মাহাথির এ কথা বলেন।

মাহাথির মোহাম্মাদ বলেন, এক বছর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং সম্প্রতি পারস্য উপসাগরে সামরিক শক্তি বৃদ্ধি করছে। এসব পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে একটি বৃহৎ যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমেরিকার পক্ষ থেকেই ইরানকে উসকানি দেয়া হচ্ছে। আমেরিকা উসকানি দেয়ার জন্য নানা কাজ করছে। থাইল্যান্ডের ব্যাংককে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস’র শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এসব কথা বলেন।

মাহাথির মোহাম্মদ বলেন, আমেরিকা যদি যুদ্ধে জড়ায় তাহলে ওই যুদ্ধ কেবল ইরান- আমেরিকা যুদ্ধ হিসেবে থাকবে না। এটি একটি বিশ্বযুদ্ধে রূপ নেবে। তিনি এ ধরণের পরিস্থিতি ঠেকাতে বিশ্বের সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। ৯৩ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা থেকে মালয়েশিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে মালয়েশিয়া ইরানের মতো ভালো অংশীদারের সঙ্গে ব্যবসা করতে পারছে না।

 

পূর্ববর্তি সংবাদনির্মাণাধীন ভবন ধসে কম্বোডিয়ায় ১৮ জনের মৃত্যু
পরবর্তি সংবাদভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র