বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ আহত ৬

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। আহতদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ধনকুন্ডি উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি গাইবান্ধায় যাচ্ছিল। বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটি যাচ্ছিল সিরাজগঞ্জের দিকে। বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকটির চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে।

বাসের চালকের পেছনের আসনে ৯ বছর বয়সী সন্তান রাব্বীকে নিয়ে বসা ছিলেন পিচতারা বেগম। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা আহত হন। তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জের জামিরবাড়ি গ্রামে।

এ ছাড়া দুর্ঘটনায় আহত মেহেদী হাসান (২৮) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রামের নিমাইদিঘী দক্ষিণপাড়া গ্রামে।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল নন্দী দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। আর বাস ও ট্রাককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদআসন্ন বর্ষার আগেই নড়বড়ে ও পুরনো সেতু মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদমশার উৎপত্তিস্থলে মেয়রদের স্প্রে ছিটানোর অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর