তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: রেলপথমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: কুলাউড়ার রেল দুর্ঘটনার তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, মৌলভীবাজারের কুলাউড়ার ভয়াবহ রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে কারও গাফিলতি কিংবা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়া রেল দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়া এবং ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রেলযোগে সকালে সিলেটে পৌঁছে এ কথা জানান তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেল বিভাগ। ২০১১ সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই লাইনগুলো যতক্ষণ পর্যন্ত ভাল অবস্থায় নেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সময় তো লাগবেই। এছাড়া সিলেট ঢাকা রেলপথ দ্রুতই ডুয়েল গেজে পরিণত হবে বলেও জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যাবেন মন্ত্রী। পরে সেখান থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সবশেষ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে তার।

পূর্ববর্তি সংবাদট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’কে শয়তানি পরিকল্পনা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা
পরবর্তি সংবাদইথিওপিয়ায় মসজিদ ও আযানে নিষেধাজ্ঞা, হাবশার সেই নাজ্জাশী কোথায়?