অনলাইন পোর্টাল নিবন্ধন: বাড়ানো হতে পারে আবেদনের সময়সীমা

ইসলাম টাইমস ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।   শনিবার (২৯ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সভায় তথ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ জুন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। ইতোমধ্যে আমাদের কাছে প্রায় ৮ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগের ছিল ৩ হাজার, আর নতুন করে জমা পড়েছে ৫ হাজার। আরও আবেদন জমা পড়বে, তাই সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

ড. হাছান মাহমুদ বলেন, অনলাইন নিবন্ধনের জন্য যে আবেদন পড়েছে সেখান থেকে যাচাই-বাছাই করে অনুমোদন দেয়া হবে। আমরা শিগগির এ কাজটি সম্পন্ন করবো।

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা মতামত প্রকাশের দুয়ার অবারিত করে দিয়েছি। আগে মানুষ কোনো কিছু জানার জন্য পত্রিকা-টিভির শরণাপন্ন হতো। এখন মানুষ ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারছে। আগে ৪০-৫০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। এখন দেশে ৯ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে। তবে গুজব বিশ্বব্যাপী সমস্যা। আমরা মানুষের অধিকার অবারিত থাকুক এটাই চাই। তবে একজনের অধিকার প্রয়োগের ক্ষেত্রে অন্যজনের অধিকারে কোনো হস্তক্ষেপ হচ্ছে কি-না, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া যখন গুজব ছড়াবে, তখনই ব্যবস্থা নেওয়া হবে। তবে যে গুজব ছড়াচ্ছে, তা ব্যক্তি বা সমাজিক জীবনে কতটুকু হস্তক্ষেপ করছে সে বিষয়টিও বিবেচনায় আনা হবে। এজন্য ডিজিটাল সিকিউরিটি আইন হয়েছে। কেউ যদি গুজব ছড়ায় এর মাধ্যমে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা কমিটির সভাপতি এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

পূর্ববর্তি সংবাদনারীদের জন্য আপনি যা করেছেন তা খুবই ইতিবাচক বিপ্লব: যুবরাজকে ট্রাম্প
পরবর্তি সংবাদভারতে এবার নামাজ শেষে ‘জয় শ্রীরাম’ না বলায় আক্রান্ত হলেন কিশোর