সাভারের আশুলিয়ায় ভবনধসে শিশু নিহত, আহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: সাভারের আশুলিয়ায় গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনধসে তাহসিন হাসান (দেড় বছর) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চার জন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোর ৬টায় সাভারের আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া দোকাঠি এলাকার আকবর হোসেনের মালিকানাধীন একতলা ভবনে রান্নাঘরে গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ উপস্থিত হয়। এবং তাহসিন নামে দেড় বছরের এক শিশুর দগ্ধ লাশ উদ্ধার করে।

আহতরা হলেন- মৌসুমী (২২), তার মেয়ে মীম (৭), আবুল কালাম ও দীপু। তাদের মধ্যে মৌসুমীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু তাহসিন হাসান মাগুরার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের ছেলে।

এ ব্যাপারে প্রতিবেশী রোজিনা বেগম জানান, সকালে রান্না করতে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ পান। এ সময় সেখানে গিয়ে দেখতে পান, মৌসুমীর পরিহিত কাপড়ে আগুন জ্বলছে। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস লিকেজ হয়ে কক্ষগুলোতে জ্যাম হয়েছিল। সকালে রান্নার জন্য মৌসুমি চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। এ সময় বিস্ফোরণের ঘটনায় ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাসলাইনের বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের আল্লামা ইকবাল বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় নিহত ২ জন
পরবর্তি সংবাদরাহুল গান্ধী জানিয়ে দিলেন তিনি আর নেই