হাইআতুল উলয়ার ফলাফল: নিরীক্ষণের জন্য কী করণীয়

ইসলাম টাইমস ডেস্ক: সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি দেখা দিলে বা ফলাফল কোনো শিক্ষার্থীর মনপুত না হলে তার জন্য আরবি জিলকদ মাসের মধ্যেই নিরীক্ষণের আবেদন করতে হবে।

হাইআতুল উলয়ার দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

নিরীক্ষণ আবেদনের জন্য শিক্ষার্থীর কী করণীয় জানতে চাইলে হাইআতুল উলয়ার এ দপ্তর সম্পাদক জানান, দুই পদ্ধতিতে নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। কোনো কিতাবের নাম্বার না আসা বা ফলাফলের এ ধরণের সাধারণ কোনো অসংগতির জন্য জিলকদ মাসের ২০ তারীখের মধ্যেই হাইআতুল উলয়ার অফিসে নিরীক্ষণের আবেদন করতে হবে। এটার জন্য কোনো চার্জ লাগবে না।

তবে কেউ যদি কোনো কিতাবের নাম্বার নিয়ে চ্যালেঞ্জ করতে চায় তার জন্য জিলকদ মাসের ৩০ তারীখের মধ্যেই প্রতি কিতাবের জন্য পরীক্ষার ফি সমপরিমাণ টাকা দিয়ে যে বোর্ডের অধীনে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সে বোর্ডে নিরীক্ষণের আবেদন করতে হবে। সংশ্লিষ্ট বোর্ড আবেদনপত্র হাইআতুল উলয়ার অফিসে জমা দিলে তখন বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীর খাতা পুনঃ নিরীক্ষণ করবেন।

উল্লেখ্য, সারাদেশে ১৭৪টি পুরুষ ও ১৮৭টি মহিলা কেন্দ্রে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল -ছাত্র ১৮,৫৬৬ জন; -ছাত্রী ৮,২২২ জন; মোট ২৬,৭৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%

পূর্ববর্তি সংবাদভারতে বাস-মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১২
পরবর্তি সংবাদপটিয়ায় ট্রাকচাপায় বিএনপি নেতাসহ ২ জন নিহত