ইসলাম টাইমস ডেস্ক: বিএসএফের গুলিতে আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্তের ১৬/৫ সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে ঢোকে। এ সময় জাহাঙ্গীর পাড়া মাঠ এলাকায় ভারতের মুর্শিদাবাদ জেলার চাঁদনিচক বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাদ্দাম ও রয়েল নামের দুই রাখাল ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অন্য রাখালরা সাদ্দামের লাশ নিয়ে বাংলাদেশে চলে আসে। রয়েলের লাশ ভারতের মধ্যেই পড়ে আছে বলে জানায় স্থানীয়রা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব জানান, ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের ঘটনা তিনি শুনেছেন। খোঁজ-খবর নেওয়ার পর এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারবেন বলে জানান।
এই ঘটনার মাত্র চার দিন আগে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুলাল (২০) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হন।
















