কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: মমতা

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় কাশ্মীরের জন্য সবাইকে প্রার্থনা করারও আহ্বান জানান তিনি।

১৯ আগস্টকে বিশ্ব মানবিকতা দিবস হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। প্রতি বছরই বিভিন্নভাবে তা পালন করে একাধিক রাষ্ট্র। এ দিবস উপলক্ষে ভারতীয় বাংলার মুখ্যমন্ত্রী যে টুইট বার্তা দিয়েছেন তাতে স্পষ্ট যে,  এই মুহূর্তে ভারতে মানবাধিকার নেই বলে তিনি মনে করছেন।

বিশ্ব মানবতা দিবসে বাংলা এবং ইংরাজি, দুটি ভাষাতেই টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’’

এরপর তিনি আরও লেখেন, “মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।”

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর জম্মু-কাশ্মীর নিয়ে বড়সড় ও বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর করে মোদি সরকার। ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা অর্থাৎ বিশেষ রাজ্যের মর্যাদা তুলে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে–জম্মু-কাশ্মীর এবং লাদাখ। সংসদে কংগ্রেস, তৃণমূল এর বিরোধিতা করেছে। সিদ্ধান্তের পরপরই তৃণমূল নেত্রী কোনও প্রতিক্রিয়া না দিলেও, পরে তিনি সরকারি এ সিদ্ধান্তের স্পষ্ট বিরোধিতা করেছেন। তার অভিযোগ, সাংবিধানিক নিয়ম মেনে এই সিদ্ধান্ত কার্যকর হয়নি।

পূর্ববর্তি সংবাদভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রত্যাশার কিছু নেই: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদরাঙ্গামাটিতে সেনাবাহিনী টহলদলের ওপর গুলি ও বিস্ফোরক হামলা: আতঙ্ক ও উদ্বেগ