ইসলাম টাইমস ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক হতদরিদ্র প্রসূতির পেটে সুই রেখে অস্ত্রোপচারের ঘটনায় তোলপাড় হয়েছে।
জানা যায়, সদর উপজেলার পাগলাপীরের অটোরিকশা চালক তানজিদের গর্ভবতী স্ত্রী আফরোজা বেগম গেল মঙ্গলবার রাতে প্রসব বেদনা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন।
স্বজনদের অভিযোগ, ওই দিন রাতে নরমালভাবে বাচ্চা প্রসব করার চেষ্টা ব্যর্থ হলে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা গাইনি ওয়ার্ডে কাটা-ছেড়া করে বাচ্চা প্রসব করায়।
এরপর রক্তক্ষরণ হলেও প্রসবের দুই ঘণ্টা পর শরীর অবশ না করেই কাটা অংশ সেলাই করা হয়। অপারেশন থিয়েটারের রোগী আফরোজা ব্যথায় চিৎকার করলে তাকে কর্তব্যরত নার্সরা চড়-থাপ্পড় মারে।
অপারেশনের পর জরায়ু ও মলদ্বারের অংশ তীব্র ব্যথা হলে এক্সরে রিপোর্টে পেটে সুই রয়েছে বলে ধরা পড়ে। খবর পেয়ে সাংবাদিকরা হাসপাতালে গেলে গতকাল বেলা তিনটায় চিকিৎসকরা তড়িঘড়ি করে অপারেশন করে পেট থেকে সুই বের করে আনে।
এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসকরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
















