ইসলাম টাইমস ডেস্ক: আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিনের জন্য বিএনপি নেতারা দৌড়ঝাঁপ করছেন। এটা তারা আগেও নানা ইস্যুতে করেছেন। তবে আইনি প্রক্রিয়া ছাড়া খালেদার মুক্তি সম্ভব নয়। কেবল রাজনৈতিক মামলার ক্ষেত্রেই রাজনৈতিকভাবে সমাধান করা যেতে পারে।’
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি হতে পারে জামিনের মাধ্যমে অথবা আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিলে। আর হতে পারে প্যারোলে। বিএনপি থেকে এখনো পর্যন্ত প্যারোলের আবেদন আসেনি। তাই তাদের আন্দোলন বাদ দিয়ে আইনি প্রক্রিয়ায় হাঁটার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি নেতারা বার বার বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবেন। এটা কোনোভাবে সম্ভব নয়। বাস্তবে আন্দোলন করার কোনো শক্তি বিএনপির নেই। তাছাড়া খালেদা জিয়া দুর্নীতি করে বন্দী হয়েছেন।’
















