ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্য দিবালোকে একটি হোটেলের ভিতর কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে কয়েকজন সন্ত্রাসী। আজ সোমবার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে এ ঘটনা ঘটে।
আহত মাহমুদুর হাসান মামুন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, জালালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, সোমবার বিকালে বাজারের একটি হোটেলে খাবার শেষ করে বিল দেয়ার সময় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে অতর্কিতে হামালা চালিয়ে মারাত্মকভাবে জখম করে সিএনজি অটোরিকশায় উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত মামুন এবং হোটেল মালিকের ডাকচিৎকারে বাজারের মানুষ মামুনকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
তবে ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।
















