ইসলাম টাইমস ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ডেভেলপার প্রতিষ্ঠান ব্লু হোয়েলের তৈরি করা বিতর্কিত ভিডিও গেম প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি) খুলে দেওয়া হয়েছে। এর আগে তরুণদের মাঝে সহিংস মনোভাব তৈরির অভিযোগে গেমটি বন্ধ করা হয়েছিল।
পাবজি নিষিদ্ধ করার কারণ জানিয়ে শুক্রবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘নিষিদ্ধ করা হয়ে ছিল, সেটা আবার খুলে দেওয়া হয়েছে। আমাদের ধারণা ছিল, এটি খুব ক্ষতিকর একটি বিষয়। পরে পর্যালোচনা করে দেখে ক্ষতিকারক এমন কোনো কিছু পাওয়া যায়নি। তাই খুলে দেওয়া হয়েছে।’
অভিযোগ আছে, পাবজি গেম শিক্ষার্থীদের মধ্যে সহিংস মনোভাব তৈরি করছে। একই সঙ্গে পড়াশোনা থেকে শিক্ষার্থীদের মনোযোগ অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর গেমটি বাংলাদেশ থেকে খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত, নেপাল, চীনসহ কয়েকটি দেশে পাবজি গেমটি নিষিদ্ধ করা হয়েছে। এর আগে অনলাইনে ‘মারণ গেম’খ্যাত ব্লু হোয়েল নিষিদ্ধ করেছে বাংলাদেশ।
















