ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র আল্লাহ ও রাসুল (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা এবং শহীদ চারজন নবিপ্রেমিকের বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের আল্লাহ্ করিম মসজিদ ও মসজিদ সংলগ্ন সড়কে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়।
পুলিশ জানায়, বিক্ষোভে তারা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের (ইসকন) কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন। এ ছাড়া ‘রসুল (স.)-এর জন্য উৎসর্গ করা রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বর্মণ বলেন, ‘ভোলার ঘটনায় নিহতের বিচারের দাবিতে সকাল থেকে তারা আল্লাহ্ করিম মসজিদের সামনে জড়ো হতে থাকেন। সেখানে মাইকের ব্যবস্থা করে তারা বক্তৃতা দেন। বক্তৃতা শেষে তারা সবাই টাউনহলের সড়কে নেমে মিছিল করেন। মিছিলের পর সড়কে বসেই বক্তৃতা দেন।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।’
















