ইসলাম টাইমস ডেস্ক: অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২ অক্টোবর সমাবেশ। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন ঐক্যফ্রন্ট নেতারা।
আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরি সভা শেষে গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের এ কথা জানান।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার বেইলী রোডস্থ বাসভবনে বিকাল সাড়ে ৪টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ.স.ম. আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারর আহ্বায়ক অ্ধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, এডভোকেট সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
















