ইসলাম টাইমস ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে পুলিশি বর্বরতায় শাহাদাত বরণকারী ৪ নবী প্রেমীর দাফন নিজ নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।
এদের মধ্যে শাহিন, মাহবুব, মিজানের লাশ গতকাল বিকালে ও মাহফুজের লাশ রোববার রাতে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তাদের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
এদিকে এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত ৪ মুসলিমের মৃত্যুতে তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও শোক জ্ঞাপন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এমপি মুকুল বলেন, ঘটনা শুনে আমি দ্রুত আমার নির্বাচনী এলাকায় পৌঁছে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি।
নিহতদের পরিবারের ব্যাপারে এমপি বলেন, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত ও সরকারিভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সব ধনের পদক্ষেপ গ্রহণ করেছি।
বোরহানউদ্দিন থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৪-৫ হাজার জনকে আসামি করে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কোনো নিরীহ লোক যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক আইডি থেকে আল্লাহ ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করা হলে বিপ্লবের ফাঁসি দাবি করে পুরো মুসলিম জনতা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করেন। রোববার তারা মহাসমাবেশের ডাক দেয়। এতে পুলিশ গুলি চালালে ৪ জন নিহত ও শতাধিক আহত হন।
















