ভুরুঙ্গামারীতে রাস্তা-বাড়ি নির্মাণ বন্ধ করে ‍দিল বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তে প্রায় ৫০ মিটার পাকা রাস্তা ও একটি আধাপাকা বাড়ি নির্মাণের কাজ দীর্ঘ একমাস থেকে বন্ধ কিরে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, কুড়িগ্রাম স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী কওমি মাদ্রাসা থেকে পশ্চিম বাঁশজানী পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু করে। কিন্তু বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে উত্তরে প্রায় ৫০ মিটার রাস্তা নির্মাণে ভারতের দীঘলটারী ক্যাম্পের বিএসএফ বাধা প্রদান করে।

শুধু তাই নয়, ওই স্থানে শফিকুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তির আধাপাকা বাড়ি নির্মাণেও আপত্তি জানিয়েছে বিএসএফ।

শফিকুল ইসলাম জানান, এই সাত শতক জমি ছাড়া তার কোনো জমি নাই। আগে টিনের ঘর ছিল। এখন আধাপাকা বাড়ি তৈরি শুরু করেছিলেন তিনি। দেয়ালের গাঁথুনি হবার পর বিএসএফের বাধার কারণে বিজিবি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

ময়দান বিজিবি ক্যাম্পের বিওপি কমান্ডার হাবিলদার শামসুল আলম জানিয়েছেন, সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে পড়ায় বিএসএফ রাস্তা ও বাড়ি নির্মাণে বাধা প্রদান করেছে।

তিনি জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশই পাকা স্থাপনার কাজ করতে পারবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ মোতাবেক পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান রাস্তা নির্মাণে বাধা দেয়ার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফের বাধার কারণে প্রায় একমাস থেকে রাস্তা নির্মাণ বন্ধ রয়েছে। বিএসএফ রাস্তা নির্মাণ করতে না দিলে ওই অংশ বাদ দিয়ে বাকিটুকু পাকা করা হবে।

পূর্ববর্তি সংবাদজামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় আগামীকাল
পরবর্তি সংবাদদারুল উলুম নিউইয়র্কের মুহতামিমের মিরপুর আগমন : “কুরআন শিক্ষা আপনার অধিকার”