ইসলাম টাইমস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ চারজন পদত্যাগ করেছেন। আজ সন্ধ্যায় তারা পদত্যাগ করেন বলে জানা গেছে।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, কোষাধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, সদস্য অধ্যাপক মাহবুব কবির ও সদস্য অধ্যাপক সাঈদ ফেরদৌস।
এ বিষয়ে অধ্যাপক সোহেল রানা বলেন, আজকের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষক সমিতি শিক্ষক-শিক্ষার্থীর স্বার্থে কিছুই করতে পারেনি। আমরা মঙ্গলবার দুপুর আড়াইটায় জরুরী মিটিংয়ে বসেছিলাম। সেখানে বিচার চাওয়া তো দূরের কথা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদও করতে পারেনি। উল্টো শিক্ষক নেতারা আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছে।
তিনি বলেন, তাই আমরা মনে করছি যে শিক্ষক সমিতি এই কমিটি শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থ আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। তাই আমরা দায়বদ্ধতা ও বিবেকের তাড়না থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে বেশ কিছুদিন ধরে উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৪৫ কোটি কাটার উন্নয়ন প্রকল্প থেকে শাখা ছাত্রলীগের নেতাদের উপাচার্যের প্রায় ২ কোটি টাকা ‘ঈদ সালামির’ দেওয়ার অডিও ফাঁস দেয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর আন্দোলন নামে শিক্ষক-শিক্ষার্থীরা।
















