ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে কয়েকজনের প্রাণহানি হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার দুপুরে দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন।
বিবৃতিতে ফখরুল বলেন, ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে প্রাণহানীর খবরে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এমন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই।
তিনি বলেন, এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থেকেছে। যুগযুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা-বেদনা, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি-তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট সইবার ক্ষমতা দান করেন।
















