বিএনপির দুর্নীতিবাজদের তথ্য আছে, কাজ চলছে: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির দুর্নীতিবাজ ও অপকর্মের সঙ্গে জড়িতদের তথ্য সরকারের কাছে আছে, এসব তথ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বাংলাদেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ অর্থাৎ কালো টাকা বেগম খালেদা জিয়া জরিমানা দিয়ে সাদা করেছেন। বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান যিনি ন্যায়-নীতির কথা বলতেন, তিনি নিজেই কালো টাকা সাদা করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দুর্নীতি বিদেশেও উদঘাটিত হয়েছে। তারেক জিয়ার দুর্নীতির বিষয়ে দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। খালেদা জিয়ার মৃত পুত্র কোকোর দুর্নীতিও উদঘাটিত হয়েছে। কোকোর দুর্নীতির মাধ্যমে পাচার করা টাকা দেশে ফেরত আনা হয়েছে। তাদের সারা অঙ্গে দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কোন নৈতিক অধিকার তাদের নেই।

বিএনপির পক্ষ থেকে চলমান শুদ্ধি অভিযানকে আইওয়াশ বলে উল্লেখ করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এখনও তো বিএনপির যারা দুর্নীতিবাজ, তাদের ধরা হয়নি। সেজন্য হয়তো তারা এমনটা মনে করছে। বিএনপির যারা দুর্নীতিগ্রস্থ, যারা দুর্নীতির মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে এবং সরকার, দেশ ও জনগণকে ক্ষতিগ্রস্থ করেছে, সেই তথ্য সরকারের কাছে আছে। এগুলো নিয়েও সরকার নিশ্চয়ই কাজ করছে।

পূর্ববর্তি সংবাদআরও এক কাশ্মিরিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী
পরবর্তি সংবাদবাংলাদেশে বিভিন্ন সময় ট্রেন দুর্ঘটনা: এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৪৫