কাশ্মীরে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১৬

ইসলাম টাইমস ডেস্ক: ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি গাড়ি খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েক জন।

গতকাল মঙ্গলবার দুপুরে কাশ্মীরের ডোডা শহরের কাছে বাটোট-কিশ্তাওয়ার জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি গাড়ি খাদে পড়লে নিহত হন তারা।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ক্লীনি থেকে মারমাটের গোয়া গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল গাড়িটি। দুপুর ৩ টা ২৫ মিনিটের দিকে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় গাড়িটি।

ডোডার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মুমতাজ আহমেদ জানান, পার্বত্য অঞ্চল মারমাট এলাকায় চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলে সড়কের পাশেই গভীর খাদে পড়ে যায় গাড়িটি। নিহত ১৬ জনের মধ্যে রয়েছে দুটি শিশুও। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে বিভিন্ন সময় ট্রেন দুর্ঘটনা: এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৪৫
পরবর্তি সংবাদপশ্চিমবঙ্গে বাংলাদেশিকে অপহরণ করে ৫০ লাখ রুপি আদায়