ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজের দাম ২০০ ছাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম অসহনীয় পর্যায়ে বেড়ে যাওয়ায় এবার প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন সংসদ সদস্যরা।
দেশের বাজারে পেঁয়াজের পর্যাপ্ত জোগান থাকলেও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজির কারণে পেঁয়াজের বাড়ছে উল্লেখ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বক্তব্য দেন।
মোহাম্মদ নাসিম বলেন, পেঁয়াজের ঝাঁজ এখন সব জায়গায়। কেন পেঁয়াজের দাম বাড়ছে তা আমার কাছে বোধগম্য নয়। এতে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ সময় তিনি বাণিজ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
তোফায়েল আহমেদ বলেন, কিছু দিন আগে দেশে ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডব চালানোর কারণে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। কিন্তু তাই বলে এত দাম। পত্রিকায় দেখে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে পেঁয়াজের দাম ২০০ টাকা। এটা কোনো দিন আমরা ভাবিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘অনেক ফেনসিডিল কারবারি রাস্তাঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মরে যায়। পেঁয়াজের মূল্য যারা বাড়ায়, তারা একটি বন্দুকযুদ্ধে মরে যাক। তাহলে একটা উদাহরণ হবে।’
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ছোটবেলা আমরা যে রকম বিস্কুট দৌড় খেলতাম ঠিক সেভাবে এখন সোশ্যাল মিডিয়ায় পেঁয়াজ নিয়ে বিভিন্ন রকম রসিকতা চলছে। আশা প্রকাশ করে তিনি আরও বলেন, সরকার দ্রুত এ ব্যাপারে একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
















