ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া সেজে ঢুকে দারোয়ানকে পিটিয়ে হত্যা করেছে দুই দুর্বৃত্ত। সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আরব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা বাড়ি থেকে কিছু লুটে না নিলেও বাড়ির মালিকের স্ত্রীকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে ফেলে।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানায়, ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে মনে হচ্ছে দুর্বৃত্তরা বাড়ির মালিকের পরিচিত। পূর্ব শত্রুতার জের ধরে তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে আসতে পারে। বাড়ির সিসি ক্যামেরা দেখে ও তদন্ত করে দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।
নিহত কেয়ারটেকার ইমতিয়াজের ছেলে রমজান জানান, দুইজন লোক সকালে বাড়িভাড়া নেবে বলে ওই বাড়ির সামনে আসে। কিন্তু সকালে বাড়ির মালিকের স্ত্রী বাড়িতে না থাকায় আমার বাবা তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে বিকালে তারা আবারো এ বাড়িতে প্রবেশ করে। এ সময় তাদের পরনে ছিল বোরখা।
তিনি জানান, বাড়িতে তারা প্রবেশ করেই আমার বাবা ইমতিয়াজ হোসেনকে বেঁধে বেদম প্রহার করে। একই সময় ওই দুই দুর্বৃত্ত বাড়ির মালিকের স্ত্রী ও ছেলেকে বেঁধেও মারধর করে।
পরে গুরুতর আহত ইমতিয়াজকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, বাড়ির মালিক আরব আলী সৌদি আরব থাকেন। ভবনটি ছয়তলা বিশিষ্ট। সকালে ভাড়াটিয়া সেজে এসেছিল দুই দুর্বৃত্ত। দ্বিতীয়বার বিকালে বোরকা পরে এসে বাসার দারোয়ানকে বাথরুমে আটকে রাখে।
এ সময় মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার সময় কেয়ারটেকার ইমতিয়াজ মৃত্যুবরণ করেন।
নিহত কেয়ারটেকারের গ্রামের বাড়ি রংপুর জেলায়। তার পিতার নাম আব্দুল লতিফ। বাড়ির মালিক আরব আলীর বাড়ি ঢাকার দোহারে বলে জানান ওসি।
















