কারওয়ান বাজারের ভিআইপি সড়কে ককটেল বিস্ফোরণ

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারের ভিআইপি সড়কের ফুটপাতে মঙ্গলবার রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ সেখান থেকে আরও দুটি ককটেল জব্দ করে।

রাত সাড়ে আটটার দিকে ওয়াসা ভবনের কাছে ফুটপাতে এই বিস্ফোরণ হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তেজগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। ঘটনাস্থলের চারদিকে ঘিরে ফেলায় কিছুক্ষণ এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল ঘিরে ফেলার পর সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা উদ্ধার নিষ্ক্রিয়করণ দল আরও দুটি ককটেল পায়। এরপর তারা সেখানে ওই দুটি ককটেল নিষ্ক্রিয় করে। আধঘণ্টা এ অবস্থা চলার পর রাস্তা খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার  বলেন, প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো রেখে যাওয়া হয়। মেট্রোরেলের কাজ চলায় ঘটনাস্থল কিংবা আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) ছিল না। তাই কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তি সংবাদএবার নিখোঁজ আতিকুল্লাহ নামের আরেক মাদরাসা শিক্ষক
পরবর্তি সংবাদএবার কুষ্টিয়ায় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা (ভিডিও)