ইসলাম টাইমস ডেস্ক: উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত জিবুতি নামের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তুরস্কের ধর্মীয় বিষয়াদি সংস্থার পক্ষ থেকে “দ্বিতীয় আব্দুল হামিদ” মসজিদ নির্মাণ করা হয়েছে। শুধু জিবুতির নয়, পূর্ব আফ্রিকারও বৃহত্তম মসজিদ হতে চলেছে নবনির্মিত এই মসজিদটি। এই মসজিদে একসাথে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
খুব শীঘ্রই দেশটির রাজধানী জিবুতিতে তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার প্রধানের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মসজিদটির উদ্বোধন করা হবে।
উসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যের অনুকরণে এই মসজিদ নির্মিত হয়েছে। মসজিদের নামকরণ করা হয়েছে উসমানীয় শাসনামলের স্বনামধন্য “দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ”-এর (মৃত: ১৯১৮ সাল) নামে।
এই মসজিদ প্রায় ১৩,০০০ স্কোয়ার মিটার জায়গায় তৈরি করা হয়েছে। প্রায় ৬,০০০ মুসল্লি একসঙ্গে এই মসজিদে নামায আদায় করতে পারবেন। এই মসজিদের কাছেই অবস্থিত রাষ্ট্রপতির বাসভবন। ৪৬ মিটার উচ্চতার দু’টি মিনার, ২৭ মিটার উচ্চতার একটি গম্বুজ এবং উসমানীয় স্থাপত্যরীতিতে অঙ্কিত দেয়াল এই মসজিদের অন্যতম আকর্ষণ।
২০১৫ সালে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যিপ এরদোগান জিবুতিতে সফরে এসেছিলেন। দেশটির রাষ্ট্রপতি ইসমাইল ওমর গুল্লেহ জানিয়েছেন, জিবুতিতে সফরকালে এরদোগান এই মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
একটি সূত্র জানিয়েছে, জিবুতিতে মাদরাসা, বাঁধ ও হাসপাতালও নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেছেন এরদোগান। উসমানীয় সুলতানেরা দীর্ঘ চার শতাব্দী সুসম্পর্ক বজায় রেখেছিল আফ্রিকার দেশগুলোর সঙ্গে। তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেপ এরদোগান সেই ধারা অব্যাহত রাখছেন।
উল্লেখ্য, প্রায় ৯ লাখ ৭৪ হাজার মানুষের বসবাস পূর্ব আফ্রিকার এই দেশে। প্রায় ৯৮ শতাংশ মুসলিমের বসবাস এই দেশটির নাম, রাজধানী ও বৃহত্তম শহরের নাম একই।
















