ইসলাম টাইমস ডেস্ক: ৮ ডিসেম্বর রোববার মিয়ানমার যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। মিয়ানমারেরসেনাবাহিনীর প্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে মিনের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি।
রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে মিয়ানমারের সাথে আলোচনা করবেন বলে জানান জেনারেল আজিজ আহমেদ।
সেনাপ্রধান আজিজ আহমেদ এ সফরের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ বিষয়ে জেনারেল আজিজ আহমেদ জানান, বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক বাহিনীর মাঝে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় ও প্রশিক্ষণসহ অন্য ক্ষেত্রে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। দুদেশের মধ্যে যত বেশি এনগেজমেন্ট হবে; সম্পর্ক তত ভালো হবে। রোহিঙ্গা সমস্যার বিষয়ও আসবে। এগুলো নিয়ে কী কী সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হবে।
















