ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, লাগাতার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাতি আজ দিশেহারা। সরকারের সর্বব্যাপী ব্যর্থতার কারণে দেশের সকল খাত আজ অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত। কোথাও সুশাসন, সুবিচার ও মানুষের জান-মালের নিরাপত্তা নেই। সর্বোপরি বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এই ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ (৬ ডিসেম্বর) শুক্রবার জুমার নামাযের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
সমাবেশে আল্লামা নূর হোসাইন কাসেমী আরও বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে পেঁয়াজের বাজারে হাহাকার চলছে। এর সাথে তাল মিলিয়ে ডাল, চাল, মাছ, গোশত’সহ প্রায় সব নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সারা দেশে দুর্ভিক্ষের মতো হাহাকার পরিস্থিতি চলছে।
তিনি বলেন, সরকার কোনভাবেই পণ্যমূল্য নিয়ন্ত্রণে তো আনতে পারছেই না, বরং ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের তালিকা দিন দিন আরো লম্বা হচ্ছে। এতে প্রমাণিত হয়, বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সরকারের কোনরূপ নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, আমাদের দেশে যেসব কৃষি পণ্য উৎপাদিত হয়, যেমন- চাল, ডাল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন রবি শস্য ও মাছ-গোশত। অথচ দেখা যায় কৃষক মাঠ পর্যায়ে এসব পণ্যের ন্যায্য মূল্য পায় না, কিন্তু বাজারে এসব পণ্য অনেক উচ্চমূল্যে বিক্রয় হয়। একদিকে কৃষক নিজেদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অন্যদিকে এসব কৃষিপণ্যও সাধারণ মানুষকে ক্রয় করতে হচ্ছে উচ্চমূল্যে। মাঝখানে সরকারের নিয়ন্ত্রণহীনতার সুযোগে মজুতদাররা অবৈধভাবে সাধারণ মানুষের সম্পদ লুটে নিচ্ছে।
তিনি বলেন, অন্যায়ভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ বহু মৌলিক অধিকার হরণ করেছে এই সরকার। খুন, গুম, অপহরণ, ধর্ষণ, লুটপাট, সম্পদ হরণ দেশব্যাপী সর্বগ্রাসী রূপ নিয়েছে। কোথাও সুশাসন ও সুবিচার নেই।
















