ইসলাম টাইমস ডেস্ক: কাতারে আবারও যুদ্ধবিরতি ও শান্তি বিষয়ক আলোচনায় বসেছে তালেবান ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার দেশটির রাজধানী দোহায় এই আলোচনা শুরু হয়েছে। এএফপির পাকিস্তানের জি নিউজ এ খবর জানিয়েছে।
মার্কিন কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র শনিবার পুনরায় এই আলোচনায় যোগ দিয়েছে। এই আলোচনার কেন্দ্রে থাকবে সহিংসতা হ্রাস, আন্তঃআফগান আলোচনা এবং যুদ্ধবিরতি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র এবং তালেবান একটি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। এই চুক্তি স্বাক্ষরিত হলে নিরাপত্তার নিশ্চয়তার ভিত্তিতে আফগানিস্তান থেকে হাজার হাজার সেনা প্রত্যাহার শুরু করতো যুক্তরাষ্ট্র। পাশাপাশি তালেবান এবং কাবুলের সরকারের মধ্যে সরাসরি আলোচনার পথও প্রশস্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। ১৮ বছরের যুদ্ধের পর একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও তৈরি হয়েছিল।
কিন্তু একই মাসে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট এই কূটনৈতিক প্রচেষ্টাকে মৃত বলে ঘোষণা করেন। ওই সময় মার্কিন এক সেনা নিহত হওয়ার পর ক্যাম্প ডেভিডে তালেবানের সঙ্গে গোপনীয় আলোচনায় বসার একটি আমন্ত্রণও প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে হঠাৎ আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি বলেন, তালেবান একটি চুক্তিতে পৌঁছাতে চায়।
















