নরওয়েতে কুরআন অবমাননা : অমুসলিমদের মাঝে কুরআন বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ

নরওয়েতে কুরআন অবমাননার প্রতিবাদে দেশটিতে বসবাসরত অমুসলিমদের মাঝে ১০ হাজার কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে সেদেশের মুসলিম বাসিন্দারা।

রাজধানী অসলোসহ নরওয়ের বিভিন্ন শহরে স্থানীয় ভাষায় অনূদিত ১০ হাজার কোরআনের কপি বিতরণের ঘোষণা দিয়েছে স্থানীয় তিনটি মুসলিম সংস্থা।

দ্য নরওয়েজিয়ান মুসলিম আর্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, দ্য ইসলামিক লিটারেচার অ্যাসোসিয়েশন ও মিনহাজুল কোরআন মস্ক ইন অসলো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

মিনহাজুল কোরআন মসজিদের বোর্ড-মেম্বার হামজা আনসারি বলেন, ‘আমি বিশ্বাস করি, বহু মানুষ কোরআন ও মুসলিম ধর্মবিশ্বাসের ব্যাপারে আগ্রহী। এই প্রকল্প কোরআনের ব্যাপারে মানুষের ভুল ধারণা ভাঙতে সাহায্য করবে। কেননা কোরআনে শিক্ষা হল, মানুষকে ভালোবাসো এবং জ্ঞানের কথা বলো।’

সম্প্রতি নরওয়ের ইসলামবিদ্বেষী দল ‘দ্য অর্গানাইজেশন স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএএন)-এর এক সভায় কোরআনে অগ্নিসংযোগের চেষ্টা হয়। পাকিস্তানি যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাত্ক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন।

কোরআন অবমাননার ঘটনায় সম্প্রীতি ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশটির মুসলিমরা। মুসলিমরা ফুল বিতরণ ও কোরআন তিলাওয়াত কর্মসূচির আয়োজন করেন।

নরডিক মুসলিমদের এই উদ্যোগকে অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছে দেশটির সাধারণ মানুষ।

পূর্ববর্তি সংবাদ‘বিশ্বব্যাপী ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম উম্মাহর ঐক্যের বিকল্প নেই’
পরবর্তি সংবাদদুর্নীতির অভিযোগে বিডি নিউজ ও সম্পাদকের ব্যাংক হিসাব জব্দ