নাগরিকত্ব বিল পাসের ঘণ্টাকয়েক পর, হঠাৎ দিল্লির পথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : নাগরিকত্ব বিল পাসের ঘণ্টাকয়েক পর হঠাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক জরুরি সরকারি সফরে আজ (১২ ডিসেম্বর) বিকালে দিল্লি যাচ্ছেন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি পাস হওয়ার ঘণ্টাকয়েক পরেই গভীর রাতের দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সফরের কথা জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে ড. মোমেন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন। পরদিন শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দিল্লি ডায়ালগ (একাদশ চ্যাপ্টার) ও ইন্ডিয়ান ওশান ডায়ালগের (চতুর্থ চ্যাপ্টার) যৌথ অধিবেশনের মন্ত্রী-পর্যায়ের সেশনে অংশ নেবেন এবং কি-নোট বক্তৃতা দেবেন।

শনিবার (১৪ ডিসেম্বর) ভারত সফরের শেষ দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লির হায়দ্রাবাদ হাউসে সকালে এক বৈঠকে মিলিত হবেন ভারতীয় কাউন্টারপার্ট এস জয়শঙ্করের সঙ্গে। ওই দিন সন্ধ্যায় তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগের শুনানির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
নাগরিকত্ব বিলটি এ সপ্তাহেই পরপর ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়েছে। তবে বিলটির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে সমগ্র উত্তর-পূর্ব ভারত। বুধবার আসামের রাজধানী গৌহাটিতে কারফিউ জারি করতে হয়েছে। ত্রিপুরার আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে পাঠানো হয়েছে বাড়তি সেনা।

পূর্ববর্তি সংবাদ কুষ্ঠরোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদপ্লাস্টিক কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ৯