ইসলাম টাইমস ডেস্ক: একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া প্রয়াত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহিদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সংগ্রাম অফিসে আক্রমণ ও ভাঙচুর করেছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সংগঠনের সদস্যরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রামের অফিস প্রথমে ঘেরাও করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’-এর সদস্যরা। এরপর সন্ধ্যার দিকে তারা দৈনিক সংগ্রামের অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় অফিসটির কম্পিউটারসহ টেবিল ভাঙচুর করা হয়। পত্রিকাটির কয়েকটি সংখ্যাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তারা সংগ্রাম অফিসে তালা ঝুলিয়ে দেয়।
মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহিদ বলার মাধ্যমে তারা দেশের শহিদদের অবমাননা করেছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আমরা চাই সরকারিভাবে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হোক। আমরা পত্রিকার মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।’
পত্রিকাটির সম্পাদক আবুল আসাদসহ সব গণমাধ্যমকর্মীকে অফিস থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
















