ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) প্রতিবাদে অবরুদ্ধ জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ইসলামিয়া কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলো মঙ্গলবার।
পুলিশ তাদের বাধা দিতে গেলে দুপক্ষে সংঘর্ষ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা পুলিশের ওপর ইট-পাথর নিক্ষেপ শুরু করলে পুলিশও পাল্টা হামলা চালায়।
এসময় একদল সাংবাদিক ভিডিও করতে গেলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। আযান জাভেদ নামের এক সাংবাদিক বলেন, ‘বেশ কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীকে আটক করেছিলো। আমরা তাদের ভিডিও করতে গেলেই পুলিশ আমাদেরকে মারধর করে। আমার ফোনটিও ছিনিয়ে নিয়েছে পুলিশ। যা আর ফেরত দেয়নি।’
ওদিকে পুলিশ বলছে, ‘সংঘর্ষে শুরু হওয়ার পর আসলে কে সাংবাদিক তা আর খেয়াল করার মতো পরিস্থিতি থাকে না।’
ভারতের মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কাশ্মীরে আজই প্রথম বিক্ষোভ হলো। গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকে সেখানকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কার্যত এখনো অবরুদ্ধ রয়েছে জম্মু-কাশ্মীর।
















