ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রবাদী ইহুদিদের সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর পার্সটুডে-র।
গত সোমবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি নাগরিকদের ওপর অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি সন্ত্রাসীদের হামলার ঘটনা লক্ষ্যণীয়ভাবে বেড়ে গেছে। এদের হামলায় ফিলিস্তিনিদের মাল-সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উগ্রবাদী ইহুদিরা ফিলিস্তিনিদের পানির লাইনগুলো এবং সড়ক নেটওয়ার্ক ধ্বংস করে দিচ্ছে। এছাড়া, অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি সমাবেশের উপর পাথর ছোঁড়া বন্ধ করে নি।
ফিলিস্তিনি বিবৃতিতে ইসরাইলের ‘পেইং দ্যা প্রাইস’ এবং হিলস ইয়্যুথ’ নামে দুটি উগ্রবাদী গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে যারা সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের সাথে জড়িত। এসব সংগঠনের হামলা এবং সন্ত্রাসবাদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ হিসেবে ইহুদিবাদী ইসরাইলের সরকারকে দায়ী করেছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসব সন্ত্রাসী গোষ্ঠীকে ইসরাইলের সেনাবাহিনী, পুলিশ এবং কথিত বিচার বিভাগ সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
















