ইসলাম টাইমস ডেস্ক: কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক তরুণ মারা গেছেন। আবু বক্কর সিদ্দিক সোহান (১৯) আজ বুধবার বেলা পৌনে একটার দিকে মারা যান। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন মারা গেলেন।
১১ ডিসেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলেই মারা যান কারখানার একজন শ্রমিক। এরপর আগুনে পুড়ে যাওয়া কারখানার লোকজনদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
সোহান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সোহানের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল। বর্তমানে দগ্ধ আরও ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা আশঙ্কামুক্ত নন। ময়নাতদন্তের জন্য সোহানের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
















