যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক বাতিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মার্কিন কংগ্রেসের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল। জয়শংকরের দেয়া শর্তের কারণে ওই বৈঠক বাতিল করা হয়েছে। বৈঠকে কাশ্মির নিয়ে আলাপ-আলোচনা হওয়ার কথা ছিল।

‘টু প্লাস টু’ সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যান জয়শংকর। সফরের অংশ হিসেবে কাশ্মিরের পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে তার বৈঠকে বসার কথা ছিল। কিন্তু ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য প্রমিলা জয়পালের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। জানা যায়, এই কংগ্রেস সদস্যের উদ্যোগেই সম্প্রতি কাশ্মির ইস্যুতে যুক্তরাষ্ট্র একটি কঠোর প্রস্তাব পাস করে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, জয়শংকরের যে বৈঠক বাতিল করা হয়েছে তাতে উপস্থিত হওয়ার কথা ছিল হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এল. এনজেল, মাইকেল ম্যাককলসহ আরও কয়েকজনের। কিন্তু ডেমোক্র্যাট প্রতিনিধি জয়পালের উপস্থিতি নিয়ে ভারতীয় মন্ত্রী আপত্তি জানালে বৈঠকটি শেষ পর্যন্ত বাতিল হয়। মার্কিন কংগ্রেসম্যান কমিটির চেয়ারম্যান জয়পালকে ছাড়া বৈঠকে বসতে অস্বীকৃতি জানান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক সেনাসদস্য। জারি করা হয় বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে শত শত মানুষকে। এরকম প্রেক্ষাপটে ৮ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের সর্বদলীয় একটি কমিটির প্রস্তাবে কাশ্মিরে যোগাযোগ বিচ্ছিন্নকরণ ও বিধি-নিষেধ আরোপের জন্য নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করা হয়।

পূর্ববর্তি সংবাদকঠোর পুলিশি নিয়ন্ত্রণের মধ্যেই ‘ক্যাব’ বাতিলের দাবিতে দেওবন্দে বিক্ষোভ (ভিডিও)
পরবর্তি সংবাদফজলে হাসান আবেদের মৃত্যু