ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ায় হাইওয়ে পুলিশের লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় বাসস্ট্যান্ড স্থাপনের দাবি জানানো হয়েছে। আহত ছাত্রী টিএমএসএস পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
ছাত্রী আহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার বিক্ষোভ, অবরোধের পর আজ শনিবার সকালে পুণ্ড্র ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড স্থাপনের দাবিতে বগুড়ায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় এবং হাইওয়ে পুলিশের কাছে দুটি স্মারকলিপি পেশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সোহানুর রহমান গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধানের মাধ্যমে শিক্ষার্থীরা স্মারকলিপি পেশ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল ক্লাস শেষে পুণ্ড্র ইউনিভার্সিটির ছাত্রী তাসমিয়া জাহান বিশ্ববিদ্যালয়ের গোকুল ক্যাম্পাস থেকে একটি ইজিবাইকে চড়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। শহরের মাটিডালি এলাকায় হাইওয়ে পুলিশ মহাসড়কে চলাচল নিষিদ্ধ ইজিবাইক থামাতে গিয়ে হাতে থাকা লাঠি দিয়ে গাড়িতে আঘাত করেন। এতে লাঠির আঘাত লাগে ইজিবাইকের যাত্রী তাসমিয়ার। একপর্যায়ে পুলিশ ইজিবাইক ধাক্কা দিয়ে উল্টে দিলে তাসমিয়া পড়ে গিয়ে পায়ে আঘাত পান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঠি দিয়ে আঘাত ও অপদস্থ করার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল বিকেল চারটার দিকে গোকুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের মহাস্থান থেকে মাটিডালি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জড়িত পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুণ্ড্র ইউনিভার্সিটির উপাচার্য এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধান প্রথম আলোকে বলেন, পুলিশ এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এর মধ্য দিয়ে বিষয়টি মিটমাট হয়ে যায়।
















