জনতার মারধরের কবলে ভারতীয় পুলিশ, বাঁচালেন ৭ মুসলিম যুবক

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলিম বিদ্বেষী আইন নিয়ে প্রতিবাদে উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য। আমদাবাদে বিক্ষোভকারীদের মারধরের কবল থেকে ভারতীয় পুলিশকে রক্ষা করলেন সাত মুসলিম যুবক। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার শহরের শাহ-ই-আলম এলাকার এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা গেছে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ‘গুজরাত বন‌্‌ধ’-এর ডাকে সাড়া দিয়ে শাহ-ই-আলম এলাকায় পথে নেমেছেন অসংখ্য মানুষ। সেখানেই ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় জনতার। প্রতিবাদকারীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর করতে থাকে।

এলোপাথারি ইট-বৃষ্টি হতে থাকে পুলিশকে নিশানা করে। কোণঠাসা হয়ে পড়েন চার পুলিশকর্মী। ইটের ঘা থেকে বাঁচতে একটি দোকানের আড়ালে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন তারা। সেখানেও ধেয়ে আসে ইট।

এক সময়ে দেখা যায়, একটি প্লাস্টিকের চেয়ার মুখের সামনে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন দুই পুলিশকর্মী। এই সময়েই ভিড়ের মধ্যে থেকে দু’হাত তুলে ছুটে আসতে দেখা যায় এক মুসলিম যুবক।

মারমুখী জনতার দিকে হাত নেড়ে তাদের থেমে যেতে অনুরোধ করেন তিনি। তার সঙ্গে যোগ দেন আরও তিন জন। একজন একটি বেঞ্চ তুলে ধরে আড়াল করার চেষ্টা করেন ওই পুলিশকর্মীদের। অন্যজন জাতীয় পতাকা নাড়তে থাকেন ভিড় শান্ত করার জন্য।

ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হাত থেকে শেষমেশ পুলিশকর্মীদের রক্ষা করেন ওই সাত যুবক। এমনকি জনতার হাত থেকে বাঁচিয়ে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেন তারাই।

পূর্ববর্তি সংবাদহাজারো মানুষের উপস্থিতিতে শাইখুল হাদিস রহ.-এর সহধর্মিণীর জানাজা সম্পন্ন, মাকবারায়ে আজিজে দাফন
পরবর্তি সংবাদবাংলাদেশে মিল্কব্যাংক প্রতিষ্ঠা : যা বললেন দুই বিশিষ্ট আলেম