ভিপি নুরকে দেখতে গিয়ে তোপের মুখে ঢাবি ভিসি

ইসলাম টাইমস ডেস্ক: আহত ভিপি নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামান ও প্রক্টর গোলাম রব্বানী। দায়িত্ব পালন করতে না পারলে তাদের পদত্যাগ করতে বলেন বিক্ষুব্ধরা। এ সময় বিক্ষুব্ধরা ভিসি উদ্দেশ করে বলেন, ‘আমাদের গুলি করেন স্যার। আমাদের মেরে ফেলেন। আমরা কিছু করব না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুলকে রোববার রাতে দেখতে যান ভিসি ও প্রক্টর। এ সময় তারা তোপের মুখে পড়েন। পরে তারা হাসপাতাল থেকে চলে আসেন।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে আলো নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতা-কর্মী। এ সময় নুরুলের সাথে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

ঘটনার সময় হামলাকারীরা পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। সুহেল হাসপাতালে ভর্তি আছেন। কয়েক দফা মারধরের শিকার আরেক যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবীকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তুহিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ছাড়া হামলায় আহত নুরুলের ভাই আমিনুর হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন।

পূর্ববর্তি সংবাদকেরানীগঞ্জে অজ্ঞাতনামা শিশুকে ধর্ষণের পর হত্যা
পরবর্তি সংবাদভিপি নূরের পাশে যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিস