পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম (২৬) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ইব্রাহীম জেলার সাপাহার উপজেলার রোদ গ্রামের মৃত সোয়েদ মণ্ডলের ছেলে।

বুধবার (২৫ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (১৬-বিজিবি) টহলরত সদস্যরা আহত ইব্রাহীমকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম রাখাল হিসেবে তিনি গরু আনা-নেওয়ার কাজ করতেন। গত মঙ্গলবার রাতে (২৪ ডিসেম্বর) তিনি এলাকার কয়েকজনের সঙ্গে ভারতে গরু আনতে যান।

ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮ (আর) নম্বর পিলারের কাছ দিয়ে বুধবার ভোরে তারা বাংলাদেশে ফিরছিলেন। এ সময় বিএসফ সদস্যরা ইব্রাহীমকে লক্ষ্য করে গুলি করলে তার ডান পায়ে লাগে। গুলিতে আহত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে পোরশা ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আনিসুর রহমান বলেন, আহত ইব্রাহীমকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদএকই পরিবারের ৯ ফিলিস্তিনিকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর সামনেই শাজাহান খানকে চাঁদাবাজ বললেন নানক