ইসলাম টাইমস ডেস্ক: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাকসহ প্রয়োজনীয় সবকিছুই। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে আসরের নামাজরত থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলা সদরের নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। 
মাদরাসার পরিচালক হাফেজ মো. নেছার উদ্দিন জানান, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা আসরের নামাজ পড়তে মাদরাসা মসজিদে গেলে হঠাৎ করে আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো কক্ষ আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।
এসময় শিক্ষার্থীদের বই, পোশাক, খাবারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, আবাসিক ভবনে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী থাকত।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ছাত্রদের বই-খাতা, কাপড়, বেডিং, ট্রাংক ও আসবাবপত্রসহ সবকিছু।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান।
তিনি বলেন, শিক্ষার্থীদের বেশির ভাগই গরিব ও অসহায়। যে পরিমাণ ক্ষতি হয়েছে, সরকারিভাবে সাহায্য পাওয়া না গেলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন এখানেই থেমে যাবে। হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
















