ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় ভারতজুড়েই জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। রাজধানী নয়া দিল্লির বিভিন্ন অংশে কারফিউ জারি করেছে পুলিশ। এর ফলে একইস্থানে অনেকজন জড়ো হতে পারবে না। ভারতের সবথেকে বেশি মানুষের রাজ্য উত্তর প্রদেশের বড় বড় শহরগুলিতে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিসেবা।
উত্তর প্রদেশে এমন আইন গত এক সপ্তাহ ধরে কার্যকর রয়েছে। চলমান সিএএ বিরোধী আন্দোলনে সবথেকে বেশি উত্তাল ছিলো এ রাজ্যটিই। রাজ্যটির পুলিশ বাহিনী আন্দোলন থামাতে ১৯ আন্দোলনকারীকে হত্যা করেছে এমন অভিযোগ রয়েছে।
গত ১১ ডিসেম্বর থেকে ভারতের বেশ কয়েকটি রাজ্যে চলছে সাম্প্রদায়িক এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ। এখন পর্যন্ত এতে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২৭ জন। প্রায় ১৩০ কোটি মানুষের দেশ ভারতের ১৪ শতাংশ নাগরিক মুসলিম।
গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চরম রূপ ধারণ করেছে। বিভিন্ন শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উত্তর প্রদেশে এমন ঘটনা বেশি ঘটেছে। সেখানে মোট জনসংখ্যার ২০ শতাংশই মুসলিম। সামনের দিনগুলো মুম্বাই, কোলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইতে আরো বিক্ষোভ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি, আল জাজিরা
















