ইসলাম টাইমস ডেস্ক: ভালো কাজের আসায় সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশি সাত যুবক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
দেশে ফেরত আসা যুবকরা হলেন-রাজশাহীর ভাঙা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে শাহ জালাল, একই এলাকার রশিদ সরকারের ছেলে সাগর আলী সরকার, মিলন উদ্দীনের ছেলে সুজন আলী, শমসের মন্ডলের ছেলে মনিরুজ্জামান, খলিল আলীর ছেলে নূর ইসলাম, নাজিম উদ্দীন সরদারের ছেলে মোজাম্মেল হক ও জহর মন্ডলের ছেলে সম্রাট আলী।
জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে দুই বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যায় তারা। পরে দালাল চক্র তাদের ফেলে পালিয়ে আসে। এসময় অবৈধভাবে সেখানে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। কেরালা রাজ্যের ট্রিসারস্থ কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দুই বছর কারাভোগ শেষে।দেশে ফিরে আসেন তারা।
















