ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মাটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পা ফেলার আগেই ভেঙ্গে গেছে ট্রাম্পের সম্মানে বানানো দু’টি তোরণ। এই তোরণের একটি দিয়েই ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ঢোকার কথা ছিল ট্রাম্পের। খবর আনন্দবাজার পত্রিকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিতে গিয়ে নানা ধরনের অস্বস্তির মুখে পড়েছে মোদি সরকার। রোববার সে অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে দু দুটি ভিভিআইপি তোরণ ভেঙে পড়ার ঘটনায়।
ভারতে এসে ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুখ খুলতে পারেন, এমন খবরে নয়াদিল্লির রক্তচাপ বাড়তে শুরু করেছে।
সোমবার দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
ট্রাম্পের সফর ঘিরে ঢেলে সাজছে মোতেরা স্টেডিয়ামসহ গোটা আমদাবাদ শহর। কোথাও রাস্তার ধারে রাতারাতি দেয়াল তুলে রঙ করা হচ্ছে, কোথাও আবার উঠে যেতে বলা হয়েছে বস্তিবাসীদের। সঙ্গে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
















