ইসলাম টাইমস ডেস্ক: মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মীপুরে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে ৩ জন মারা যান। হাসাপাতালে নিলে আরো একজন নিহত হন। দুর্ঘটনায় আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
















