“এমন দৃশ্য আল্লাহ খুব ভালবাসেন”

এনাম হাসান জুনাইদ ।। 

ঢাকার একটি ব্যস্ততম রাস্তার পাশে এভাবে মনোযোগের সাথে নামাজ পড়ছিলেন রবিউল চাচা। একটা পলিথিনের উপর গামছা বিছিয়েছেন জায়নামাজ হিসাবে। পেছনে পানির বোতল। বোঝা যায়, এই  পানি দিয়ে তিনি ওজু করেছেন।

নামাজ শেষ করার পর কাছে গিয়ে সালাম দিতেই নামাজের পলিথিন গুটাতে গুটাতে  সালামের জবাব দিলেন চল্লিশোর্ধ বয়স্ক লোকটি। জিজ্ঞেস করে জানলাম, বাড়ি ময়মনসিং। থাকেন বসুন্ধরার দিকে।  হেঁটে হেঁটে ফুচকা বিক্রি করা তার পেশা।

আপনাকে নামাজ পড়তে দেখে আমার খুব ভাল লাগল। এমন দৃশ্য আল্লাহ খুব ভালবাসেন।

“নামাজ কি মাফ আছে? অন্ধও যদি হয়, তারপরও তাকে হাতড়ে হাতড়ে মসজিদে যেতে হবে। ক্ষুধা লাগলে খাই। নামাজের সময় হলে নামাজ পড়ব না? এটা কি মাফ আছে ” আমার কথা জবাবে বললেন রবিউল চাচা।

কাজের ব্যস্ততার কথা বলে যারা নামাজ কাযা করেন, তাদের জন্যে মনে হয় এই চাচার কাছে অনেক কিছু শেখার আছে।

টিনের বেড়ার পাশে দেখা গেল একটা টুলের উপর একটা সসপেন। তার উপর একটা প্লেটে অনেকগুলো ফুচকা। বাসনে বিভিন্ন মশলার কতগুলো বোতল। কাঠের উপর কুচি কুচি করে কাটা সালাদ। চাচা আমাকে বললেন, আসেন আপনাকে ফুচকা খাওয়াই।

আমি ফুচকা খাই না।গ্যাস্ট্রিক। তবে আপনার দোকান থেকে খেতে পারি যদি খাওয়ার পর বিল রাখেন। আমার কথার জবাবে রবিউল চাচা শুধু হাসলেন।

ফুচকা খেতে খেতে জানলাম, চাচার ৩ ছেলে, ১ মেয়ে। মেয়ে বিয়ে হয়েছে। বড় ছেলেটা একটা দোকানে কাজ করে। ছোট ২ ছেলে মাদরাসায় পড়ে।

যোহরের নামাজ এক মসজিদে পড়েন। ছেলে এসে খাবার দিয়ে যায়। এই ফুচকা বিক্রি করে তার সংসার চলে যায়। টানাটানি থাকে। কিন্তু অভাব থাকে না।

‘এই দুনিয়া আর কয় দিনের । একভাবে না একভাবে চলে যাবে।’ যোগ করেন রবিউল চাচা।

ফুচকা কখনো খেয়েছি বলে মনে পড়ছে না। তাই দামও জানা ছিল না। আবার দাম জিজ্ঞেস করতে সংকোচও হচ্ছিল। অনুমান করে  চাচাকে যা দিলাম, চাচা গ্রহণ করলেন। মনে মনে খুশী হলাম। আমি আবার গাড়ির খোঁজে চলে গেলাম। কিন্তু একটু পর দেখি চাচা আসছেন আমার দিকে। কী ব্যাপার?

‘আমি খেয়াল করিনি। ফুচকার দাম তো এত বেশি না।’ বলে চাচা অতিরিক্ত টাকাগুলো ফেরত দিতে চাইলেন। আমি বলালাম, না, না, রাখুন। আমি খুশী হয়েই দিয়েছি। আমার আবারও মনে হল, চাচার মত আমাদের সমাজে যদি  অল্পেতুষ্টি থাকত, তাহলে সমাজটা কত সুখের হত!

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস ছড়ালে ‘কঠোর পরিণতি’র হুঁশিয়ারি দিলেন কিম জং উন
পরবর্তি সংবাদদুর্গাপুরে পিকআপ – ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫